Tuesday, September 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ নোরা ফাতেহীর অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআর রাখে না : তথ্য ও সম্প্রচার...

নোরা ফাতেহীর অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআর রাখে না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বলিউড অভিনেত্রী নোরা ফাতেহীকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নোরা ফাতেহী একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে আইটেম সংয়ে (গান) তিনিই পারফর্ম করবেন, যেটি অন্যান্য বিশ্বকাপেও হয়েছে; যেমন শাকিরা করেছেন, আরও বেশ কয়েকজন বিশ্ববরেণ্য তারকা করেছেন।’

তাকে (নোরা ফাতেহী) একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। সেজন্য আমরা অনুমতি দিয়েছি। এক্ষেত্রে ট্যাক্স বা ভ্যাট আদায়-সেগুলোর জন্য এনবিআর অবশ্যই তাদেরকে নোটিশ দিতে পারে। কিন্তু এনবিআর অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না। এনবিআর অবশ্যই ট্যাক্স/ভ্যাট আদায় করার জন্য পদক্ষেপ নিতে পারে। আমরা অনুমতি দিয়েছি, বলেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি ট্যাক্স/ভ্যাটের বিষয় থাকে সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তো কারো নেই। আমরা অনুমতি দিয়েছি। সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধ১ হাজার ৯৮২ কোটি টাকা ব্যয়ে ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন