Monday, July 27, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্যাংকের নামে পিএলসি যুক্ত করতে লাগবে না অনুমতি

ব্যাংকের নামে পিএলসি যুক্ত করতে লাগবে না অনুমতি

নিউজ ডেস্ক : এতদিন ব্যাংক কোম্পানির নামের পর ‘এলটিডি’ লেখা হতো। সংশোধিত কোম্পানি আইনের নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে ব্যাংকের নামের শেষ পিএলসি লিখতে অনুমতি লাগবে না, নাম পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংককে জানালেই চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ক ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। তবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা আবশ্যক ছিলো। কিন্তু এখন আর প্রাথমিক কাজ শেষ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি অবগতিসহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংকগুলোকে বিআরপিডি বিভাগে আবেদন করতে বলা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসৌদি এয়ারলাইন্সকে ফ্লাইট বাড়ানোর অনুরোধ আটাবের
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ