Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য বাজারে বেড়েছে মুরগির টমেটো ও কাঁচা মরিচের দাম

বাজারে বেড়েছে মুরগির টমেটো ও কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক : টমেটো ও কাঁচা মরিচ ছাড়া বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে কমেছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর ইলিশের কারণে অন্যান্য মাছের দাম ৩০ থেকে ৫০ টাকা কমেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যেখানে পটল বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকায়, ৮০ টাকার বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৮০ টাকার ঝিঙে ৬০ টাকায়, ৮০ টাকার করলা ৭০ টাকায়, ৭০ টাকার কাঁকরোল রকমভেদে ৬০ টাকা, ৮০ টাকার কচুরমুখি ৭০ টাকা, ৫০ টাকার লাউ ৬০ টাকা, করলা ৮০ টাকা থেকে নেমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢেঁড়স আগের মতোই ৪০ টাকা, পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকায় (কাটা পিস), ফুলকপি ৫০ টাকা, মূলা ৫০ টাকা কেজি, চাল কমুড়া প্রতি পিস ৫০ টাকা, সিম ২০০ টাকা কেজি, লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, ধনিয়া পাতা ১৬০ টাকা কেজি, বাঁধাকপি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

তবে দাম বেড়েছে টমেটোর। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচ ২০০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ১৪০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি করে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে- বর্তমানে টেংরা মাছ ৮০০ টাকা কেজি, পাবদা ৫৫০ টাকা কেজি, শিং ৫৫০, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা কেজি, রুই ৪০০ থেকে ৪৫০, মীরকার্প ৩২০ টাকা কেজি, ইলিশ (৫০০ গ্রামের নিচে) ৯০০ টাকা কেজি, (৫০০ গ্রামের উপরে ১০০০ টাকা, ১ কেজি ওজনের বড় ১৬০০টাকা কেজি।
এদিকে বাজারে দেখা যায়, হাসের ডিম বিক্রি হচ্ছে হালি ৭০ টাকা, ডজন ২১০ টাকায়, দেশি মুরগির ডমের হালি ৮০ টাকা, ডজন ২৪০ টাকা। ব্রয়লার সাদা হালি ৪৫ টাকা, ডজন ১৩৫ টাকা, ব্রয়লার লাল হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মুরগি বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, সোনালি ২৮০ থেকে ৩০০ টাকায় ও লেয়ার ৩৫০ টাকায়।

গত সপ্তাহেও এ বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, সোনালি ২৬০ থেকে ২৭০ টাকায় ও লেয়ার ৩৩০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।

এদিকে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস এক হাজার ১০০ টাকা ও ছাগলের মাংস এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক পান্না কায়সার আর নেই
পরবর্তী নিবন্ধখাদ্য সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সংহতির আহ্বান