Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্র্যাক ব্যাংকের ইয়ং লিডারস প্রোগ্রামে ৬০ জনের কর্মজীবন শুরু

ব্র্যাক ব্যাংকের ইয়ং লিডারস প্রোগ্রামে ৬০ জনের কর্মজীবন শুরু

প্রেস বিজ্ঞপ্তি : ব্র্যাক ব্যাংকের বিশেষ রিক্রুটমেন্ট কার্যক্রম ‘ইয়ং লিডারস প্রোগ্রাম’র আওতায় সদ্য পাস করা গ্র্যাজুয়েট নিয়োগ করা হয়েছে।

ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা প্রদানের লক্ষ্যে তরুণ কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে ব্যবসা দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। এ সম্প্রসারণ পরিকল্পনাকে এগিয়ে নিতে মানবসম্পদ ও প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করছে ব্যাংকটি।

ইয়ং লিডারস প্রোগ্রামের আওতায় ৬০ জন সদ্য পাস করা গ্র্যাজুয়েট নিয়োগ করা হয়েছে। দেশব্যাপী বিস্তৃতি ও ব্যবসায়িক পরিধি বাড়াতে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে আরও প্রতিভাময় কর্মকর্তা নিয়োগ করবে। এই নতুন নিয়োগের এ ঘোষণাটি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। ৮,২০০ জন ফুল-টাইম কর্মকর্তা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ নিয়োগদাতা।

ধারাবাহিক কয়েকটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইয়ং লিডারসদের নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ছিল পেশাদারীদের তত্ত্বাবধানে সাইকোমেটিক্স, পাসোর্নালিটি প্রোফাইলিং এবং দুই ধাপে সাক্ষাৎকার গ্রহণ। এই নিয়োগ কার্যক্রমের পূর্বে গ্র্যাজুয়েটদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যারিয়ার টকের আয়োজন করা হয়। এক বছরের প্রশিক্ষণের পর কর্মকর্তাদের বিভিন্ন ডিভিশনে স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হবে।

১ আগস্ট ২০২৩ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক পরিবার এই মেধাবী কর্মকর্তাদের অভ্যর্থনা জানায়। এ সময় সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ নিয়োগ সম্পের্ক ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্পোরেট সংস্কৃতি, ব্র্যান্ড ভ্যালু ও কর্মকর্তাবান্ধব পরিবেশের কারণে চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশের তরুণ সম্প্রদায়ের প্রথম পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে ব্র্যাক ব্যাংক।’

তিনি আরও বলেন, ‘কর্মকর্তারাই আমাদের প্রধান সম্পদ। তাই আমরা প্রতিভাবানদের নিয়োগ করি এবং মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করি। প্রতিষ্ঠানের উচ্চাভিলাষী প্রবৃদ্ধির অর্জনের জন্য নতুন কর্মকর্তাদের নতুন দৃষ্টান্ত, আইডিয়া ও কর্ম উদ্দীপনা প্রয়োজন। কর্মকর্তাদের জন্য আমরা সহায়ক কর্মপরিবেশ তৈরি করি যাতে তারা শিখতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, কাজ উপভোগ করতে পারে এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। ব্র্যাক ব্যাংক এ উপভোগ্য আগামীর পথচলায় তাদের স্বাগত জানাই।’

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা