Thursday, July 30, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সম্মানী বাড়লো কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যদের

সম্মানী বাড়লো কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যদের

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্যদের সম্মানী বাড়ানো হয়েছে। এর আগে কোনো বোর্ড সভা হলে সদস্যরা পাঁচ হাজার টাকা করে সম্মানী পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে সাত হাজার টাকা করে পাবেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পলিসি কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের বাইরে প্রথমবারের মতো তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কমিটির আকারও কমিয়ে আনা হয়েছে।

মুদ্রানীতি প্রণয়নে বর্তমানে ৯ জন সদস্য রয়েছেন। যার প্রধান গভর্নর। অন্য আট সদস্যের মধ্যে রয়েছেন চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালক। তবে পুনর্গঠিত কমিটি হবে সাত সদস্যের। এ কমিটির প্রধানও হবেন গভর্নর।

নতুন কমিটির তিনজন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করা হচ্ছে। যাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, বিআইডিএসের মহাপরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ কর্তৃক মনোনীতি একজন। অপর সদস্যের মধ্যে থাকবেন মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধসূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে