আজ বিশ্ব বাঘ দিবস, গণনার ফল আগামী মাসে

নিউজ ডেস্ক : বিশ্ব বাঘ দিবস আজ সোমবার (২৯ জুলাই)। বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং সংরক্ষণের জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ২৯ জুলাই দিবসটি পালন করা হয়।

এ বছর বাঘ দিবসের মূল আকর্ষণ ছিল বাঘ শুমারির ফল প্রকাশ। কিন্তু বাঘ গণনার ফল এ মাসে প্রকাশিত হচ্ছে না। তবে ফল প্রকাশ না করা হলেও সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে বন বিভাগ।

বাঘ গণনার ফল প্রকাশ না করতে পারার কারণ সম্পর্কে বন কর্মকর্তারা জানান, আন্দোলন ও কারফিউর কারণে সব কাজ শেষ করা যায়নি। সে জন্য আগামী মাসে ফল ঘোষণা করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে শুমারি হয়। এ বছরের প্রথম দিকে বনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জেও একই পদ্ধতিতে শুমারি করা হয়েছে। ৪০ দিন ধরে প্রতিটি রেঞ্জের ১৪৫টি পয়েন্টে দুটি করে ক্যামেরা বসানো হয়েছিল। এ ছাড়া সুন্দরবনে খাল সার্ভের মাধ্যমে বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হয়। প্রায় চার মাস আগে শুমারির মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ‘বাঘের প্রায় সাড়ে সাত হাজার ছবি পাওয়া গেছে। একই বাঘের ছবি পাওয়া গেছে বহুবার। এজন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিটি বাঘের ‘ইউনিক আইডি’ করা হয়েছে। এসব ছবি বিশেষজ্ঞদের কাছে সরবরাহ করা হয়েছে। তারা সেগুলো বিশ্লেষণ করছেন।’

আবু নাসের মোহসিন হোসেন জানান, এবারের বাঘ দিবসে শুমারির তথ্য প্রকাশ করার কথা ছিল। কিন্তু আন্দোলন ও কারফিউর কারণে সব কাজ সম্পন্ন করা যায়নি। সেজন্য আগামী মাসে ফল ঘোষণা করা হবে।

২০১৮ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে করা শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪। এবার এই সংখ্যা বাড়বে বলে ধারণা করছে বন বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছরের এশিয়া কাপ ভারতে, ২০২৭ সালের আয়োজক বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআজও ১১ ঘণ্টা কারফিউ শিথিল