Thursday, November 12, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছাড়াল ১২ শতাংশ

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছাড়াল ১২ শতাংশ

নিউজ ডেস্ক
সেপ্টেম্বরে কমলেও গত অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। তবে নিম্নমুখী খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, গত সেপ্টেম্বর মাসে যেটি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে কিছুটা কমলেও অক্টোবরে আবার বেড়েছে। এ মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে যেটি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

এদিকে সেপ্টেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫০ শতাংশ থাকলেও অক্টোবর মাসে সেটি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া অক্টোবর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ২৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৬ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের তালিকা করছে বিএসইসি
পরবর্তী নিবন্ধফের ২০ বিলিয়ন ডলারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ