দেশি প্রতিষ্ঠানের মতোই ঋণ পাবে বিদেশি কোম্পানি

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিএমআরই কার্যক্রমে বহুজাতিক ও বিদেশি কোম্পানিগুলোর জন্য টাকায় ঋণ নেওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কোম্পানিগুলো দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানের মতো ঋণ নিতে পারবে। ঋণের অঙ্ক কোনোভাবেই কোম্পানির সম্পদমূল্যের চেয়ে বেশি হতে পারবে না।

বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে তিন বছর বা তার বেশি সময় ধরে উৎপাদন বা সেবা খাতে ব্যবসা করছে— এমন বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মেয়াদি ঋণ নিতে পারবে। আগে এ ধরনের কোম্পানির ক্ষেত্রে ইকুইটি ও ঋণের অনুপাত নির্ধারিত ছিল ৬০:৪০, অর্থাৎ ৬০ টাকার সম্পদের বিপরীতে ৪০ টাকার ঋণ নেওয়া যেত। নতুন নিয়মে এ অনুপাত পরিবর্তন করে ৫০:৫০ করা হয়েছে, অর্থাৎ কোম্পানিগুলো এখন তাদের ইকুইটির সমপরিমাণ ঋণ তুলতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পদক্ষেপের ফলে বিদেশি কোম্পানিগুলো পুঁজিবিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে স্থানীয় অর্থায়ন সহজ হবে। তবে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং একক ঋণগ্রহীতা সীমা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর কর্মকর্তাদের শাটডাউন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৯ টাকা