
নিউজ ডেস্ক :
সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গতকাল (রোববার) রাতে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাজুস। সেই দামেই আজ (সোমবার) বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের নির্ধারণ করা দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।
তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৬৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, আর কমেছে মাত্র ১৮ বার।


