Sunday, June 7, 2026
প্রচ্ছদ বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মাত্র ১৭ দশমিক ৫৪ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) অর্থবছরের প্রথম ছয় মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এ তথ্য উঠে এসেছে।

একই সময়ে ২০২৪-২৫ অর্থছরে ১৭ দশমিক ৯৭, ২০২৩-২৪ অর্থবছরে ২২ দশমিক ৪৮, ২০২২-২৩ অর্থবছরে ২৩ দশমিক ৫৩ ও ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক শূন্য ৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

শুধু বাস্তবায়নের হার কম নয়, টাকার অঙ্কেও খরচ কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ হাজার কোটি টাকার বেশি কম খরচ হয়েছে। গত জুলাই-ডিসেম্বর সময়ে এডিপি ব্যয় ছিল ৪১ হাজার ৮৭৭ কোটি টাকা। গতবার একই সময়ে ৫০ হাজার ২ কোটি টাকা খরচ হয়েছিল।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। গত সোমবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পসহ এডিপির আকার কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকা করা হয়।

আইএমএইডি সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রথম ছয় মাসের হিসাবে ১৮ থেকে ২৪ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এবার তা সাড়ে ১৭ শতাংশে নেমে এলো।

২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এক হাজার ১৯৮ প্রকল্পে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবাসন খাতের ১০ এমপি: স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় রিহ্যাব
পরবর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স