সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। তবে এর আগেই সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করলেন।

মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালের ২৬ জানুয়ারি ৯ম ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে। এরপরে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। গত বছর ১৫ অক্টোবরে পরিকল্পনা মন্ত্রণালয় হতে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মোহাম্মদ জয়নুল বারী ১৬ অক্টোবর ১৯৬২ সালে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম রফিকুল বারী ও আনোয়ারা বেগমের বড় ছেলে। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ও নর্দান বিশ্ববিদ্যালয় হতে ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে