Friday, July 24, 2026
প্রচ্ছদ বাংলাদেশ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগের নির্ধারিত ৭ জুনের পরিবর্তে ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বোর্ড চেয়ারম্যান জাগো নিউজকে জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য কম সময় পাচ্ছে- এমন বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও তাতে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। পরীক্ষা পেছানো হলে সম্ভাব্য কী ধরনের সমস্যা তৈরি হবে, তা নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, আলোচনা ও সবার মতামত শোনার পর শিক্ষামন্ত্রী পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার নির্দেশনা দেন। সে অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) তৈরি এবং শিগগির প্রকাশের ব্যবস্থা নিতেও নির্দেশনা দেন মন্ত্রী।

গত ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ৭ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার নির্দেশনা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয় বোর্ডগুলো। তবে পরীক্ষার্থী ও অভিভাবকদের আপত্তিসহ নানা কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধপেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী