হামজাদের কোচের তালিকা কমে ৩০, আছেন মিন্টুও

স্পোর্টস ডেস্ক

জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি শেষ। হামজাদের নতুন কোচ হতে ২৭০ জন আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফের বিশেষ কমিটি নানা প্রক্রিয়ায় বাছাই করে সেই তালিকা এখন ৩০ জনে নামিয়ে এনেছে।

বাফুফের ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন বলেন, ‘আমরা হেড কোচের জন্য ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা জাতীয় দল কমিটিকে সরবারহ করব। আমরা ইতোমধ্যে ৩০ জন পর্যন্ত এসে পড়েছি। আগামীকাল আরেকটি সভার মাধ্যমে আশা করি ২০ জনে নামিয়ে আনতে পারব। এরপর জাতীয় দল কমিটি সেখান থেকে আরেক দফা বাছাই কিংবা কোচদের সাথে সরাসরি সাক্ষাৎকার নেবেন।’

এই ৩০ জনের মধ্যে জার্মানির কোচই রয়েছেন সর্বাধিক, এমন তথ্যই পাওয়া গেছে। এছাড়া ব্রাজিল, স্পেনসহ আরো বেশ কয়েকটি দেশের কোচও আছেন। সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও এখনো রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। একমাত্র বাংলাদেশি কোচ হিসেবে তিনি আবেদন করেছেন। বিশেষ কমিটি তাই একমাত্র বাংলাদেশি কোচকে বিশেষ সম্মান করেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং জাতীয় দল কমিটির সভাপতি। ফলে কোচ নিয়োগে তিনিই সিদ্ধান্ত নেবেন। আজ রাতে এএফসি ও ফিফার কংগ্রেসে যোগদানের জন্য কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ৩ মে দেশে ফেরার পরই মূলত কোচ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। ৫ জুন সান মারিনোতে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলবে। হ্যাভিয়ের ক্যাবরেরা আবেদন না করায় এই ম্যাচে নতুন কোচই থাকছে এটা নিশ্চিত।

জুন মাসে মালদ্বীপ চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজন করছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপের সিনিয়র জাতীয় দলই অংশ নেবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে প্রথমে অংশ নিতে চায়নি। নেপালের পরিবর্তে পুনরায় বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ এসেছিল। সামনে এশিয়ান গেমস এই বিবেচনায় বাংলাদেশ অ-২৩ কিংবা অলিম্পিক দল মালদ্বীপে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরচ্যারি ফেডারেশনের দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যের ডাক প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধদূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ