
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি এ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে। যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।
আরও বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়েও রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হবে জানান রিটকারী আইনজীবী।


