Tuesday, May 19, 2026
প্রচ্ছদ বাংলাদেশ সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী। অন্যদিকে, আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ রোববার (১৭ মে) ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় ৫ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

পূর্ববর্তী নিবন্ধভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধসন্ধ্যার মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস