Sunday, June 28, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য উদ্যোক্তা তৈরির হার ‘ব্যাপক’ কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

উদ্যোক্তা তৈরির হার ‘ব্যাপক’ কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার ‘ব্যাপক হারে’ কমে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তার ভাষ্য, “১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী ১০ থেকে ১৫ বছরে সেই অনুপাত ব্যাপক হারে কমে এসেছে। ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু হাতে সীমাবদ্ধ থেকেছে।

“এটি আয় বৈষম্য বাড়ার একটি প্রধান রেসিপি এবং আমরা সেটিই অনুসরণ করেছি। যার ফলে ১৫-২০ বছর আগের তুলনায় বর্তমানে আয় বৈষম্য অনেক বেড়েছে।”

আয় বৈষম্যের বৈশ্বিক সূচকের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “বৈষম্যের স্কেল শূন্য থেকে এক পর্যন্ত। সূচক যত ওপরের দিকে যায়, বৈষম্য তত বাড়ে। আমাদের এখানে এই বৈষম্য এখন আগের চেয়ে অনেক বেশি।”

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জিডিপিতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) অবদান বাড়ানোর কথা তুলে ধরে প্রতিবেশী দেশগুলোর এ বিষয়ক তুলনা টানেন তিনি।

বলেন, “ভিয়েতনাম, কম্বোডিয়া এমনকি ভারত-পাকিস্তানের জিডিপিতে এমএসএমই খাতের অবদান আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ২৫ শতাংশ।

“আমরা এটাকে আরও বাড়াতে চাই। কারণ অর্থনীতির প্রাণপ্রবাহ গতিশীল রাখতে এমএসএমই খাত শক্তিশালী করার বিকল্প নেই।”

নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমরা একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নতুন উদ্যোক্তা তৈরিতে ‘মেন্টরশিপ প্রোগ্রাম’ চালু করা হচ্ছে।

“বিসিকের মাধ্যমে পাবনা, সিলেট ও নীলফামারীর সৈয়দপুরে নতুন শিল্প পার্ক স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া যেসব শিল্প পার্কে প্লট শেষ হয়ে গেছে, সেখানে নতুন করে ফিজিবিলিটি স্টাডি করে আরও পার্ক করা হবে।”

গ্যাস সংকট ও শিল্পায়ন নিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে আমরা কম জ্বালানি খরচ করা শিল্পে বেশি নজর দেব। আর বর্তমানে যেসব কল-কারখানা গ্যাস সংকটে ভুগছে, সেগুলোর উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

এ বছরের আন্তর্জাতিক এমএসএমই দিবসের প্রতিপাদ্য হলো, ‘এআইনির্ভর ভবিষ্যতে মানুষমুখী অন্তর্ভুক্তি: আগামী প্রজন্মের এমএসএমই খাতের অর্থনৈতিক ক্ষমতায়ন’।

শিল্প সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উইম্যান অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ প্রধান ম্যাক্স টুনন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের নাজিম আহমেদ সাত্তার ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম।

এর আগে এমএসএমই দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে বড় উত্থান : ১,৩৭১ কোটি টাকার লেনদেন