Tuesday, June 16, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ০২(দুই) বছরের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়।

১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসুরী ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে প্রবেশের মাধ্যমে ব্যাংকিং জগতে মনজুরুর রহমানের যাত্রা শুরু হয়। ১৯৮৩ সালে পূবালী ব্যাংকের বেসরকারীকরণের পর তিনি ২৫ জানুয়ারি ১৯৮৫ থেকে ১৮ জানুয়ারি ১৯৮৬ পর্যন্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ৩১ জুলাই ২০২০ থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি পূবালী ব্যাংকের প্রবৃদ্ধি ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবদান রাখা সমৃদ্ধ ও স্বনামধন্য পরিবারের সদস্য মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ব্যাংকিংয়ের পাশাপাশি তাঁর দক্ষতা চা শিল্পেও প্রসারিত, তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন।

জনাব রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংক পিএলসি’র ৪৩তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধএকনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন