Saturday, June 6, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, মুকসুদপুরের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিফ কবির। এ সময় উপস্থিত ছিলেন ডা. দ্বীপ সাহা, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার মোল্লা, মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
পরবর্তী নিবন্ধগ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬