Thursday, June 4, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানানো হলেও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন।

তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা গ্রাহকসেবা প্রদান থেকে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জানা গেছে, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘সচেতন গ্রাহক ফোরাম’ গত বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতিতে অংশ নেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে কয়েকটি শাখায় গ্রাহকদের নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে আলতাফ হোসাইন বলেন, ‌‘ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকসেবা বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত রয়েছেন। তবে কোনো শাখায় কী পরিস্থিতি চলছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়।’

চাপ কিছুটা বেড়েছে, কিন্তু তা এখনো সহনীয় পর্যায়ে
আন্দোলনের কারণে গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত এমডি বলেন, ‘কোনো ব্যাংক থেকে যদি এক দিনে সব গ্রাহক তাদের আমানত তুলে নেয়, তাহলে সেই ব্যাংকের কার্যক্রম চালানো সম্ভব হবে না। তবে বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হয় না। বর্তমানে আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিক সময়ের তুলনায় চাপ বেশি থাকলেও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি এমন কিছু হতো, তাহলে তা সবার কাছেই স্পষ্ট হয়ে যেত।’

পূর্ববর্তী নিবন্ধযুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধরামিসা হত্যা মামলার রায় রোববার