Wednesday, July 22, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এদিকে, ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২২ জুলাই) থেকে করদাতারা এই সেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে আজ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবের নেতৃত্ব একটি সভা অনুষ্ঠিত হয়।

এনবিআর জানায়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে এটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে, গত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা সফলভাবে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি করদাতাদের এই ব্যাপক আগ্রহই এই পদ্ধতিতে নতুন করে গুরুত্ব দেওয়ার মূল কারণ।

নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে করদাতারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। ওই তালিকায় রয়েছে : ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ নন, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানায়, করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.etaxnbr.gov.bd) তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। এই সিস্টেমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে। রিটার্ন জমা দেওয়ার পরপরই করদাতারা তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অফিস চলাকালীন সময়ে কল সেন্টারের (০৯৬৪৩৭১৭১৭১) মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

অন্যদিকে, করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে এনবিআর। চলতি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে, নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন করদাতারা। তবে ডিসেম্বর পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা পাওয়া যাবে না, বরং অতিরিক্ত কর দিতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

পূর্ববর্তী নিবন্ধআইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে শেয়ারবাজার নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধ৭ লাখের বেশি কৃষকের ৬০৫ কোটি টাকার ঋণ মওকুফ