
স্থানীয় সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করেছে সরকার। সংকটে থাকা দেশের স্পিনিং শিল্পকে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন এ খাতে নগদ সহায়তা দেওয়া হতো এক দশমিক ৫ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এতে বলা হয়েছে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার পরিবর্তে দেওয়া বিকল্প নগদ সহায়তার হার বাড়িয়ে বিদ্যমান এক দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তবে এ সুবিধা পেতে রপ্তানিকারককে (বিজিএমইএ, বিকেএমইএ বা অন্যান্য সদস্য) প্রণোদনা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে কাঁচামাল (সুতা বা কাপড়) সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
নতুন এ নগদ সহায়তার হার ১ জুলাই থেকে কার্যকর হবে।
নগদ সহায়তার হার বৃদ্ধির ফলে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে উৎসাহ বাড়বে, স্থানীয় টেক্সটাইল শিল্পের সক্ষমতা জোরদার হবে। এছাড়া রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ শিল্পের মালিকরা।


