
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইলহাম ইসলামিক স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তুলতে এবং দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের উৎসবের প্রতিপাদ্য ছিল- “দেশী ফল খাবো, সুস্থ সবল রবো।” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ও মৌসুমি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তাও পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন উর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে বিদ্যালয়ের সিইও মোঃ রমজান আলী স্বাগত বক্তব্যে বলেন, শিশুদের সুস্থ বিকাশে নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান মোঃ হারুন উর রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইলহাম ইসলামিক স্কুলের প্রধান উপদেষ্টা, লে. কর্ণেল এএফএম নুরউদ্দিন, পিএসসি (অব.)। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাইকুন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব নাজিবুল্লাহ আরিফ । তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে তারা ভবিষ্যতে আরও সুস্থ, সচেতন ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ওবায়দুল্লাহ তারেক। তিনি বলেন, ইলহাম ইসলামিক স্কুল পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল নিয়ে অংশগ্রহণ করে। প্রাণবন্ত পরিবেশে ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা, ফল প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন কার্যক্রম উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সাতজনকে বিশেষ পুরস্কার এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সৌজন্য উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘ফল উৎসব–২০২৬’ সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


