Monday, September 21, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান

৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে এবার আর্থিক প্রতিষ্ঠানও যুক্ত হতে পারবে। তবে এ সুবিধা নিতে হলে খেলাপি ঋণ, মূলধন, তারল্য ও ঋণসীমাসহ কয়েকটি নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক গত জুনে সিএমএসএমই খাতের জন্য ‘চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল’ নামে ৫ হাজার কোটি টাকার এই তহবিল গঠন করে। এতদিন শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল থেকে অর্থ নিয়ে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে নির্ধারিত যোগ্যতা পূরণকারী আর্থিক প্রতিষ্ঠানকেও এ সুবিধার আওতায় আনা হলো।

যেসব শর্ত পূরণ করতে হবে

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তহবিল থেকে অর্থ পেতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ২০ শতাংশের বেশি হওয়া যাবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পর্যাপ্ত মূলধন সংরক্ষণ করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ অনুপাত (এসএলআর) বজায় রাখতে হবে।

এছাড়া একক গ্রাহক ঋণসীমা-সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে পরিপালন করতে হবে। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাও থাকতে হবে।

পাশাপাশি ঋণ-আমানত অনুপাত (এডিআর) ও সামগ্রিক তারল্য ব্যবস্থাপনা সন্তোষজনক পর্যায়ে থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী