
দেশের বাজারে টানা দুই দিনে সোনার গহনার দাম বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে গতকাল সোমবার ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এখন দু’দফায় সোনার দাম বাড়লো ৪ হাজার ৭২৪ টাকা। তার আগে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩৪ হাজার ৬৯০ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
সোনার গহনার দাম বাড়ানো হলেও এখন রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

