
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে এমন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশন জানিয়েছে, এসব তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর।
শনিবার (২১ নভেম্বর) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে এমন ঘোষণা দিয়ে বিভিন্ন অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে।
এ ধরনের তথ্য বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে উল্লেখ করে বিএসইসি সংশ্লিষ্ট সবাইকে এসব তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে এ ধরনের তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসি বলেছে, দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করে কমিশন।


