Sunday, November 22, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সিটি ব্যাংক

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

ঋণ আদায়ে আইন মেনেই বন্ধকি সম্পত্তি বিক্রি, ২২ কোটি ৮৫ লাখ টাকার সম্পত্তি বিক্রি হয়েছে ৩০ কোটি ২৫ লাখে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম এবং অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও প্রকৃত তথ্যবিবর্জিত বলে দাবি করেছে ব্যাংকটি।

এ বিষয়ে দেওয়া এক প্রতিবাদ ও ব্যাখ্যায় সিটি ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ঋণ আদায়ের পুরো প্রক্রিয়া আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে।ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের কাছ থেকে ঋণসুবিধা গ্রহণ করে।

এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। কিন্তু এরপরও ঋণ পরিশোধে গ্রাহক ব্যর্থ হন।

পরবর্তী সময়ে ২০২৪ সালে ঋণগুলো আবারও খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।

সিটি ব্যাংক জানায়, ঋণ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে বন্ধকি সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা।

আর তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়েও ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি। ফলে সম্পত্তিটি কম দামে বিক্রির অভিযোগকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে ব্যাংকটি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের বিরুদ্ধে ব্যক্তিগত অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে ব্যাংকের প্রাতিষ্ঠানিক ঋণ আদায় কার্যক্রমকে এক করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

ব্যাংকের দাবি, এটি একটি আইনানুগ প্রাতিষ্ঠানিক কার্যক্রম, যার সঙ্গে ব্যক্তিগত অর্থ আত্মসাতের কোনো সম্পর্ক নেই। এ ধরনের সংবাদ তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

এ ছাড়া একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মাসরুর আরেফিনের পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশের বিষয়টিও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে ব্যাংকটি।

সিটি ব্যাংক আরও জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো অভিযোগের অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং অভিযোগ প্রমাণিত হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তদন্ত শুরু হওয়াকে অভিযোগের সত্যতা বা অপরাধ প্রমাণিত হওয়ার সমতুল্য হিসেবে দেখার সুযোগ নেই।প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিটি ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম