
দেশের বীমা খাতের প্রতি সাধারণ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং বছরের পর বছর ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ। এ পর্যায়ে পাঁচটি বীমা প্রতিষ্ঠানের মোট ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীর অনুকূলে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য নিশ্চিত করেছে।
আইডিআরএ-এর দেওয়া তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে যে পাঁচটি প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করা হচ্ছে, তার বিবরণ নিচে দেওয়া হলো-ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : সর্বোচ্চ ১ হাজার ৭৪ জন পলিসিধারীর অনুকূলে ৮ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স : ৩ হাজার ১৬৩ জন গ্রাহকের অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা পরিশোধ করা হবে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে বীমা দাবি বাবদ পরিশোধ করা হবে ৫ কোটি টাকা।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স : ৩৪৪ জন গ্রাহকের বীমা দাবি হিসেবে পরিশোধ করা হবে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা।
বায়রা লাইফ ইন্স্যুরেন্স : ৪১ জন পলিসিধারীর মধ্যে বিতরণ করা হবে ৭ লাখ টাকা।
আইডিআরএ জানিয়েছে, দেশের বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং সামগ্রিক বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এমন বিশেষ ড্রাইভ পরিচালনা করে আসছে।
সংস্থাটি আরও জানায়, সাধারণ পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং সংকটে পড়া কোম্পানিগুলোকে সুশৃঙ্খল আর্থিক কাঠামোর মধ্যে ফিরিয়ে এনে দেশের বীমা খাতের একটি টেকসই ও নির্ভরযোগ্য ভিত্তি গড়ে তুলতে এ ধরনের দাবি নিষ্পত্তি কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।


