
কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা ব্যাহত হওয়ার ঘটনায় পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডকে (আইটিসিএল) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আর্থিক জরিমানা করা হবে না, তার ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইন লঙ্ঘনের প্রাথমিক তথ্য পাওয়ার পর গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয় বলে সোমবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমোদন ছাড়াই আইটিসিএল সিস্টেম মাইগ্রেশনের উদ্যোগ নিয়েছিল। এতে আইন লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে। প্রতিষ্ঠানটির জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট (পিএসএসডি) এ অনিয়ম শনাক্ত করে।
গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর পর্যন্ত কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই ৬ অক্টোবর রাত ১০টায় সেবা চালু হয়। এর আগে টানা ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ৩০টির বেশি ব্যাংকের কিউ-ক্যাশনির্ভর কার্ড, এটিএম, পিওএস, আন্তব্যাংক লেনদেন, ই-কমার্স, বাংলা কিউআর এবং এমএফএসের ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা ব্যাহত হয়।
এতে নগদ অর্থ উত্তোলনসহ জরুরি লেনদেনে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। বর্তমানে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পেমেন্ট সেবা স্বাভাবিক রয়েছে।


