Sunday, November 22, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার শেয়ারবাজারে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

শেয়ারবাজারে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ (ট্রেড ডে প্লাস ওয়ান) ট্রেডিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, সংগঠনটির সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করা। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল ডিবিএ। সংগঠনটির এ দাবিকে গুরুত্ব দিয়ে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেওয়ায় ডিবিএর সব সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা। এ উদ্যোগের ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট সবার প্রতি ডিবিএ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।

ডিবিএর মতে, টি+১ ব্যবস্থা চালু হলে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমে আসবে। ফলে বিনিয়োগকারীরা তুলনামূলক দ্রুত তাদের অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন। এতে বাজারে তারল্য ও লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়তে পারে। একইসঙ্গে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার হবে বলে মনে করে সংগঠনটি।

ডিবিএ আরও আশাবাদী, টি+১ ট্রেডিং ব্যবস্থা দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে ডিবিএ। পাশাপাশি বাজারের উন্নয়নে নেওয়া ইতিবাচক উদ্যোগগুলোর বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিআরইউর দুই সদস্যের বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা