
দেশীয় বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের স্বার্থ রক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বুধবার (১১ নভেম্বর) বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব তুলে ধরেন বিটিএমএ’র সভাপতি মো. শামীম ইসলাম।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বন্ড সুবিধার অপব্যবহারের কারণে দেশীয় বস্ত্র, সুতা ও কাপড় উৎপাদনকারী কলকারখানাসহ স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ড সুবিধার আওতায় আমদানি করা সুতা ও কাপড়ের একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া পণ্যের প্রকৃত বিবরণ গোপন করে আমদানি, বন্ড সুবিধার অপব্যবহার এবং আমদানি, উৎপাদন ও রপ্তানির তথ্যের মধ্যে অসামঞ্জস্যের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ায় দেশীয় শিল্পের বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা হ্রাস পাচ্ছে।
বিটিএমএর মতে, দেশের সুতা ও কাপড় উৎপাদনকারী কলকারখানাগুলোর পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বন্ড সুবিধার আওতায় সুতা ও কাপড় আমদানির কারণে স্থানীয় উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এর প্রভাব শুধু প্রাথমিক বস্ত্রশিল্পেই সীমাবদ্ধ থাকছে না; বরং কাঁচামাল উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিল্প, কর্মসংস্থান, ব্যাংকিং খাত এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।


