Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য রপ্তানি উন্নয়ন তহবিলের সুদহার বেড়েছে

রপ্তানি উন্নয়ন তহবিলের সুদহার বেড়েছে

নিউজ ডেস্ক : সুদহার এক শতাংশ বাড়ানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ)। এ তহবিল থেকে ঋণ নি‌তে হ‌লে রপ্তানিকারকদের ৪ শতাংশ সুদ দিতে হবে। ইডিএফ বাংলাদেশ ব্যাংকের একটি পুনঃঅর্থায়ন তহবিল।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সকল ফরেন এক্সচেঞ্জ ডিলারদের নিকট পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২ দশমিক ৫০ শতাংশ সুদে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে ঋণ দেবে রপ্তানিকারকদের। আগামী ১৩ নভেম্বর থে‌কে এ নির্দেশনা কার্যকর হ‌বে।

১৯৮৯ সালে রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয়। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। এ তহবিলের মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটি ১০ কোটিতে উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে আকার বাড়িয়ে এখন ৭০০ কোটি ডলারে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসূচকের পতন, লেনদেন কমেছে শেয়ারবাজারে
পরবর্তী নিবন্ধআদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে