Wednesday, June 10, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমোদন

আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : অস্থিতিশীল ডিমের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নতুন করে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ছয়টি প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করবে। অনুমোদন পাওয়া আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুর ট্রেডার্স।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অভ্যন্তরীণ বাজারে হঠাৎ করে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া, গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

জানা গেছে, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই ছয় প্রতিষ্ঠান ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

ডিম আমদানি ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঁচটি শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে। দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ জিতল নগদ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী