
সম্পদের সীমাবদ্ধতা থাকায় ঋণ করে সামনে এগোনো যাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সরকারের এই উপদেষ্টার মতে, আয়কর না বাড়ালে ঋণ করে সামনে এগোনো কঠিন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ। আয়কর না বাড়ালে ঋণ করে সামনে এগোনো যাবে না।
তিনি বলেন, আমাদের উচিত হলো ইনকাম ট্যাক্স থেকে সবচেয়ে বেশি টাকা আদায় করা। মানে ইনকাম ট্যাক্স ডিপেন্ডেন্ট (নির্ভরশীল) হওয়া উচিত, নট অন ভ্যাট।
রাজস্ব ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরও বেশি আইটি অরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি করা দরকার। না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকবে। ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না।
ভ্যাট আদায় হলেও তা সরকারি কোষাগারে পৌছায় না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, একটা জিনিস ভ্যাটে যেন কোনো কারচুপি না হয়। আপনি বা আমি যদি ভ্যাট দেই, সেটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভ্যাটটা অনেক সময় পৌঁছায় (রাষ্ট্রীয় কোষাগারে) না।
পৃথিবীর অন্যান্য দেশে কেনাকাটা করতে গেলে ভ্যাট থেকে নিস্তার নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি অনেককে দেখেছি, আমার আত্মীয়-স্বজনও, এই দোকানে ভ্যাট আছে? আছে। ঠিক আছে থাক, আরেক দোকানে যাই। ব্যবসায়ী ভ্যাট নেবে না, ঠিক আছে না নিলে চলবে। অতএব আমাদের মধ্যে কিন্তু মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে।
কর দিলে তার বিপরীতে সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমাদেরও কিন্তু সরকারের দিক থেকে এটা এনশিওর (নিশ্চিত করা) করতে হবে যে ট্যাক্সটা নিচ্ছি মানুষের কাছে, তার বদলে যেন সব ধরনের সেবা এনশিওর করে। তবেই কিন্তু লোকজন কনভিন্সড হবে যে আমি ট্যাক্স দেব।
ভ্যাট পদ্ধতির আধুনিকায়ন দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, দেড় বা দুই মাসের মধ্যে যদি সিস্টেমটাকে আরেকটু তাড়াতাড়ি ডেভেলপ করি, পরবর্তী সরকার যেন এটাকে খুব রাইট আর্নেস্ট নিতে পারে এবং বাংলাদেশের চেহারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মোমেনটাম তৈরি হয়েছে, সেটাকে ধরে রাখতে হবে। অটোমোটেট করা বড় সাফল্য। ভ্যাট অব্যাহতি কমেছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়েছে।


