Tuesday, August 4, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর সফল সংযোজন সম্পন্ন করেছে। এই নতুন সুবিধার ফলে ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে এখন থেকে যেকোনো সময়ে তাৎক্ষণিকভাবে দেশের সব ব্যাংকের হিসাব নম্বরে জমা করা যাবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযোজন প্রবাসী গ্রাহক ও তাঁদের সুবিধাভোগীদের দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিরাপদ, দক্ষ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসী বাংলাদেশীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

এনপিএসবি সংযোগের মাধ্যমে রিয়েল-টাইমে দেশব্যাপী আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর সম্ভব হবে, যা গ্রাহক সেবা আরও দ্রুত ও গতিশীল করবে এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী ও স্বজনদের আস্থা বৃদ্ধি করবে। এই সময়োপযোগী উদ্যোগ ডিজিটাল রূপান্তর ও চমৎকার গ্রাহকসেবায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির ধারাবাহিকতা।

পূর্ববর্তী নিবন্ধ১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৭তম বোর্ড সভা অনুষ্ঠিত