
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড পাঠাতে পারে সাইবার হামলাকারীরা।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং সার্ভার সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বাংলাদেশে সাইবার হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট এ সতর্কতা জারি করে। সংস্থাটি জানিয়েছে, শনাক্ত হওয়া ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর নির্দেশনা পাঠাতে পারে।
নিরাপত্তা দুর্বলতা দুটি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত। এগুলোর শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯। আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি দুটির ঝুঁকির স্কোর ১০ এর মধ্যে ৯ দশমিক ২, যা অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত।
যেভাবে ঝুঁকিতে ওয়েবসাইট
সার্টের তথ্য অনুযায়ী, পিএইচপির তথ্য ব্যবস্থাপনার কিছু দুর্বলতা কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি অনুরোধ সার্ভারে পাঠাতে পারে আক্রমণকারীরা। ফলে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানো এবং কোনো কোনো ক্ষেত্রে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা রয়েছে।পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডের মতো প্রযুক্তি ব্যবহারকারী ওয়েবসাইটগুলো বিশেষভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। একই সার্ভারে একাধিক ওয়েবসাইট পরিচালনা এবং ডকারের মতো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ঝুঁকি মূল্যায়ন প্রয়োজন।
এ দুর্বলতার কারণে সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সেবা, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইট আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হামলা সফল হলে গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য চুরি, তথ্যভান্ডারে প্রবেশের গোপন তথ্য ফাঁস, ওয়েবসাইট অচল হয়ে যাওয়া এবং সার্ভারের নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা ঘটতে পারে।
দ্রুত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ
ঝুঁকি মোকাবিলায় পিএইচপির নিরাপদ সংস্করণে দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির উল্লেখ করা নিরাপদ সংস্করণগুলো হলো ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শুধু ওয়েবসাইটের সফটওয়্যার বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হালনাগাদ করলেই চলবে না; সার্ভারে ব্যবহৃত পিএইচপির মূল সংস্করণও সংশোধিত সংস্করণে নিতে হবে। হালনাগাদ সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা সংশোধন কার্যকর হয়েছে কি না, তা পরীক্ষা করাও জরুরি।


