
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম।
শনিবার (২৩ মে) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।
নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩টি করে মোট ৬টি পদে সমসংখ্যক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপের ১২টি পদে মোট ১ হাজার ৮৪৩টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৪৬ শতাংশ। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ৮৮২টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৩১ দশমিক ৯৮ শতাংশ। ভোট শেষে গণনা সম্পন্ন করে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেলের বিজয়ের ঘোষণা দেন।
অর্ডিনারি গ্রুপে নির্বাচিতদের মধ্যে অন্যতম হলেন— মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী ও কামাল মোস্তফা চৌধুরী। অ্যাসোসিয়েট গ্রুপে মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও মোহাম্মদ মশিউল আলম স্বপনসহ ৬ জন বিজয়ী হয়েছেন। এছাড়া ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ আমিরুল হক (প্যানেল লিডার) এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজসহ ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে এর আগে, গত শুক্রবার (২২ মে) বিকেলে নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেল। প্যানেল লিডার এস এম নুরুল হক একে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে নির্বাচন প্রক্রিয়া ও ভোটের সময় নির্ধারণ নিয়ে নানা অভিযোগ তোলেন।


