
টানা তিন দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৫ মে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৫ টাকা। তারপর ১৬ মে কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা এবং ২০ মে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৮ হাজার ৭৪৭ টাকা। তিন দফা কমানোর এখন দাম বাড়ানো হলো।


