Saturday, July 18, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকার বেশি

সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

সূচকের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে সব সূচক ও লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে দাম বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটেরও। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ১ শতাংশ বেড়ে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ বেড়েছে ৫০ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ।

লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৫৪ কোটি ৯৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড়ে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯০ কোটি ৯৯ লাখ টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৬টির দর বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে সূচকের ঊর্ধ্বগতি ছিল। সিএএসপিআই সূচক ১ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৮১৪ দশমিক ৭৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৯ হাজার ৭০০ দশমিক ৪২ পয়েন্টে পৌঁছেছে।

এ ছাড়া সিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৩৪২ দশমিক ৬৭ পয়েন্টে, সিএসআই সূচক দেড় শতাংশের বেশি বেড়ে ৮৯০ দশমিক ৬৫ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৩৪ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে সূচক বাড়লেও সিএসইতে লেনদেন কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৮৯ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন কমেছে ২১ কোটি ২ লাখ টাকা।

সপ্তাহে সিএসইতে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণে ইইউ ও জি-৭৭ এর সমর্থন পুনর্ব্যক্ত
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে রোডশো’র কোনো প্রয়োজন নেই : বিএসইসি চেয়ারম্যান