
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এরপরও ডিএসইতে বেড়েছে মূল্যসূচক। তবে এদিন মূল্যসূচক ঊর্ধ্বমুখী রাখতে বড় ভূমিকা রেখেছে আইটি ও সিমেন্ট খাতের কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের উত্থান হয়। শুরুতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়।
তবে লেনদেনের শেষদিকে ঢালাও দরপতন হতে থাকে। এর মধ্যেও আইটি ও সিমেন্ট খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। একই সঙ্গে বাছাই করা ৩০ কোম্পানির মধ্যে বেশিরভাগ দাম বাড়ার তালিকায় থাকে। এরপরও দাম কমার তালিকা বড় হয়ে মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এছাড়া ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।


