
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্বজুড়ে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে চীনের শেয়ারবাজার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারসূচকগুলোও বেড়েছে। তবে, মার্কিন ট্রেজারি বন্ডের দরপতন হয়েছে। অন্যদিকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চার সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দরবৃদ্ধির পথে রয়েছে জ্বালানি তেলের বাজার।
জাপানের নিক্কেই সূচক ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি জাপান বাদে এশিয়ার শেয়ারবাজারগুলোর এমএসসিআই সূচক বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারের স্টক্স সূচক বেড়েছে ১ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজার থ্যাংকসগিভিং ছুটির কারণে বন্ধ থাকলেও ওই দিন ইউরোপের বাজারে উত্থান অব্যাহত ছিল।
শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
বিশ্বের শেয়ারবাজারের জন্য নভেম্বর মাসটি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছিল। বিশেষ করে একসময় চাঙা থাকা প্রযুক্তি খাতে বড় ধরনের দরপতন হয়। মাসজুড়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১৪ শতাংশ, জাপানের নিক্কেই ৯ শতাংশ এবং নাসডাক কম্পোজিট ৬ শতাংশ কমে যায়। ইউরোপের স্টক্স ৬০০ সূচকও ১ শতাংশের কম নেমেছে।
স্কোটিয়াব্যাংকের বিশ্লেষকেরা শুক্রবার বলেন, বাজারের মনোভাব হঠাৎ বদলে যাওয়ার পেছনে সুস্পষ্ট কোনো কারণ দেখা যাচ্ছে না। ফলে সর্বশেষ এই পরিবর্তন কত দিন স্থায়ী হবে, তা নিয়ে তারা কিছুটা সন্দিহান।
এএমপির প্রধান অর্থনীতিবিদ শেন অলিভার বলেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ফিরে আসা, যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতা, করপোরেট মুনাফার শক্তিশালী প্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে সাধারণত শেয়ারবাজারের ভালো অবস্থানের মতো বিষয়গুলো ইতিবাচক হলেও আগামী ছয় মাসের মধ্যে বড় ধরনের দর সংশোধনের ঝুঁকি এখনো বেশি।
চীনের বাজারে সরকারের বাড়তি সহায়তা
শুক্রবার ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে চীনের প্রধান শেয়ারসূচক সিএসআই ৩০০। এর আগের দিনই সূচকটি ২০২৫ সালের জুনের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।
এর মধ্যেই পুঁজিবাজারে নতুন করে সহায়তার ঘোষণা দিয়েছে চীনের মন্ত্রিসভা। বাজারে রাষ্ট্রসমর্থিত ‘ন্যাশনাল টিম’ বা সরকারি বিনিয়োগকারীদের আরও বড় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে অনিয়মিত লেনদেনের মধ্যে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শেয়ারগুলোর বড় উত্থান ভবিষ্যতে কোম্পানিগুলোর আয় দিয়ে ন্যায্যতা পাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল।
প্রযুক্তিনির্ভর নাসডাক ১০০ সূচক বুধবার অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থানের তুলনায় প্রায় ২০ শতাংশ নিচে নেমে গিয়েছিল। তবে, পরে লেনদেনে আবার ঘুরে দাঁড়ায়। এমএসসিআইয়ের বৈশ্বিক শেয়ারসূচক চলতি মাসে ৫ শতাংশ কমেছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং পুনরায় দায়িত্বে ফেরার ঘটনাও বাজারের অস্থিরতার অন্যতম কারণ হয়ে উঠেছে। আগের সপ্তাহের সোমবার তাকে পুনর্বহালের পর ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটির শেয়ারের দাম ৩১ শতাংশ বেড়েছিল। তবে, পুরো নভেম্বর মাসের হিসাবে এখনো শেয়ারটির দাম ২৭ শতাংশ কম।
এদিকে, এনভিডিয়ার ঋণমান কমানোর সম্ভাবনা বিবেচনায় নিয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল কোম্পানিটির ক্রেডিট রেটিং পর্যালোচনার জন্য পর্যবেক্ষণে রেখেছে। এতে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে।
মার্কিন ট্রেজারি বন্ডের দরপতন
শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকেছিলেন। এতে বন্ডের দাম বেড়েছিল। তবে, শুক্রবার শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোয় ট্রেজারি বন্ডের বাজারে উল্টো প্রবণতা দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফার হার ৫ বেসিস পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে আগের সপ্তাহে বড় পতনের পর চলতি সপ্তাহে ইল্ড প্রায় অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, বন্ডের দাম ও ইল্ড সাধারণত বিপরীতমুখী।
শুক্রবার মার্কিন ডলারের দর প্রায় অপরিবর্তিত থাকলেও টানা তৃতীয় মাসের মতো দর বাড়ার পথে রয়েছে মুদ্রাটি। এতে ২০২৫ সালের মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডলার।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াবে-এমন প্রত্যাশা ডলারকে শক্তিশালী করেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বৃদ্ধিও এর পেছনে ভূমিকা রেখেছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা পাবলো হার্নান্দেজ দে কোসের মনোনয়নের খবরে ইউরোর দর খুব একটা পরিবর্তিত হয়নি। তার মনোনয়নকে আগে থেকেই প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিদ্যমান নীতির ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। এদিকে ইউরোপের বন্ডের ইল্ড সামান্য বেড়েছে।
বাজারের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৯ শতাংশ। তবে, একবারে দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর জল্পনা কমেছে। আগামী এক মাসে শেয়ারবাজারের দরপতন অব্যাহত থাকলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে এখন সতর্ক রয়েছেন বিনিয়োগকারীরা।
এদিকে সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কায় চার সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দরবৃদ্ধির পথে রয়েছে জ্বালানি তেলের বাজার। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে পৌঁছায়। পরে দাম কমে প্রায় ৯৫ ডলারে লেনদেন হয়। তবে নভেম্বর মাসের হিসাবে তেলের দাম এখনো প্রায় ১৯ শতাংশ কম রয়েছে।
সূত্র: রয়টার্স


