
আইটি কনসালটেন্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশনেটওয়ার্কের কারিগরি উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের।
এ পরিস্থিতিতে দ্রুত সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালু করতে আইটি কনসালটেন্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কিউ-ক্যাশ নেটওয়ার্ক ব্যবহারকারী কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা সাময়িক ব্যাহত হচ্ছে।
গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক জরুরি পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আইটি কনসালটেন্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


