Sunday, November 1, 2026
প্রচ্ছদ Uncategorized উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’ নামের এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার আবেদন নেওয়া হয়।

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ, ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম পর্যায়ে আবেদন নেওয়া আট জেলা হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার আবেদন গ্রহণ শেষে এবার অবশিষ্ট ৫৬ জেলার তরুণদের জন্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ১৩ সেপ্টেম্বর ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ সংক্রান্ত নীতিমালা জারি করে।

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধঅসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পোশাক মালিকদের