
নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ, দেশব্যাপী খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ এবং সড়ক চার লেনে উন্নীতকরণ।
অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে।
২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধির প্রকল্পে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় বৃদ্ধি করা হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।
https://www.facebook.com/plugins/like.php?href=https://www.popular24news.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/&layout=button_count&show_faces=false&width=105&action=like&colorscheme=light&height=21


