Wednesday, November 4, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া তিনজন হলেন- ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের বিধিনিষেধ রয়েছে। এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগ দেওয়ার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করতে ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতেও বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা