
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ কমেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবসেই মূল্যসূচক বাড়লো।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। লেনদেনের শেষ দিকে এক শ্রেণির বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ান। ফলে দাম বাড়ার তালিকা থেকে বেশিকিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। এতে দাম কমার তালিকা বড় হয়। অবশ্য এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯৪টির দাম কমেছে এবং ২৩টি দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩৮টির দাম কমেছে এবং ৪টি দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৮টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১১টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে উঠে এসেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮১৯ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৩৯ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১১৯ কোটি ১৭ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার। ২৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, শাহিনপুকুর সিরামিক, সিটি ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।
অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৫৯টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৮১ লাখ টাকা।


