
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচকসহ সব কয়টি সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দৈনিক গড় লেনদেন, শেয়ার লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৫ লাখ টাকা। তবে সূচক বাড়লেও দরপতন হওয়া কোম্পানির সংখ্যা ছিল দরবৃদ্ধির কোম্পানির চেয়ে বেশি।
ডিএসইর সাপ্তাহিক বাজার প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। অর্থাৎ এক সপ্তাহে সূচক বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে এক দশমিক ২৮ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে। আগের সপ্তাহে ছিল ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে এক দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে এ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে।
লেনদেনের চিত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।
পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৮৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে এক হাজার কোটি টাকার বেশি। একই সময়ে লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ এক হাজার ৭৩ কোটি ৭৭ লাখ থেকে বেড়ে এক হাজার ২২২ কোটি ৩৫ লাখে দাঁড়িয়েছে।
এদিকে সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫২ শতাংশ।
তবে সূচক ও লেনদেন বাড়লেও বাজারে দরবৃদ্ধির তুলনায় দরপতনের চিত্র কিছুটা ভিন্ন ছিল। গত সপ্তাহে ডিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ১৫৮টির। অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির শেয়ারদর। আর ৬০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
খাতভিত্তিক লেনদেনে এগিয়ে বস্ত্র
ডিএসইর খাতভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেনের সর্বোচ্চ অংশ ছিল বস্ত্র খাতের দখলে। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ২২ দশমিক শূন্য ১ শতাংশ। আগের সপ্তাহে এ খাতে দৈনিক গড় লেনদেন ছিল ১৪৯ কোটি ৫৪ লাখ টাকা।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১১০ কোটি ৪৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৬৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯১ কোটি ৭৯ লাখ টাকা। ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯২ লাখ টাকা।
অন্যদিকে সাধারণ বিমা খাতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে কমেছে ১৮ দশমিক ৫৩ শতাংশ এবং জীবন বিমা খাতে কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ।
খাতভিত্তিক দরবৃদ্ধির হিসাবে সবচেয়ে এগিয়ে ছিল বস্ত্র খাত। সপ্তাহজুড়ে এ খাতের গড় রিটার্ন ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা পাট খাতে রিটার্ন ছিল ৫ দশমিক ৯১ শতাংশ। ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৭৯ শতাংশ এবং সিরামিক খাতে ৩ দশমিক ২৩ শতাংশ রিটার্ন এসেছে। বিপরীতে জীবন বিমা খাতে নেতিবাচক রিটার্ন ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল
গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ছিল ওয়াটা কেমিক্যালস। কোম্পানিটির শেয়ারদর ৪৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ১৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে শেয়ারটির দর ছিল ১২৭ টাকা ৩০ পয়সা।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল নাভানা সিএনজি। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। এরপর ইসলামী ব্যাংকের শেয়ারদর ২০ দশমিক ১৯ শতাংশ, জাহিনটেক্সের ২০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ১৯ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৮৬ শতাংশ কমে ১২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এর দর ছিল ১৪ টাকা। পিপলস লিজিংয়ের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। জিএসপি ফাইন্যান্সের কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ এবং এইচএফএলের কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ।
লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
গত সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানি ছিল মালেক স্পিনিং। কোম্পানিটির শেয়ারে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ।
এরপর রয়েছে শাহজিবাজার পাওয়ার। কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ২৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের দৈনিক গড় লেনদেন ছিল ২২ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও রানার অটোমোবাইলসও লেনদেনের শীর্ষ দশে ছিল।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। এরপর ব্যাংক এশিয়ার ১৩ কোটি ৬৫ লাখ টাকা, সাইহাম টেক্সটাইলের ১২ কোটি ৮৭ লাখ টাকা এবং এপেক্স স্পিনিংয়ের ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সামগ্রিকভাবে গত সপ্তাহে বাজারের রিটার্ন ছিল এক দশমিক ১৯ শতাংশ। আর ডিএসইর বাজারের গড় মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ছিল ৮ দশমিক ২২।
সূচক বাড়াতে বড় ভূমিকা ইসলামী ব্যাংকের
এদিকে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রতিষ্ঠানটির শেয়ারের দর ২০ দশমিক ১৯ শতাংশ বেড়ে ডিএসইএক্স সূচকে ২৭ দশমিক ৭৭ পয়েন্ট যোগ করেছে। এরপর প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার সূচক বাড়াতে ভূমিকা রেখেছে। বিপরীতে লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি ও এসিআই ফর্মুলেশনের শেয়ার সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে।
শেলটেক ব্রোকারেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনোভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান ঋণাত্মক ইকুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের বিষয়ে নেওয়া পদক্ষেপ এবং স্থগিত বিও হিসাবের লেনদেন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়াও বিনিয়োগকারীদের মনোভাব উন্নত করতে সহায়তা করেছে।
সপ্তাহের শুরুতে বস্ত্র ও জ্বালানি-বিদ্যুৎ খাতের নির্বাচিত কয়েকটি শেয়ারে ব্যাপক কেনাকাটা দেখা যায়। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ইতিবাচক আর্থিক ফলাফলও এ ক্ষেত্রে ভূমিকা রেখে থাকতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাংক ও বিমা খাতের দিকে সরে যায়। ডিসেম্বরভিত্তিক হিসাব বছর শেষ হওয়া এসব প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণার প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


