বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হওয়ার লক্ষণ না থাকায় বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম সোমবারও (১৬ মার্চ) ঊর্ধ্বমুখী।

গত রোববার ব্রেন্ট ক্রুডের দাম তিন শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। সোমবার কিছুটা কমলেও বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম এ পর্যন্ত ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা জাগিয়ে তুলছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে— এমন আশঙ্কা থেকেই বাজারে তেলের দাম বাড়ছে।

প্রণালিতে অচলাবস্থা
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে ইরান এই নৌপথটি কার্যত অচল করে দিয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) একে ইতিহাসের বৃহত্তম ‘জ্বালানি সরবরাহ বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্যমতে, আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতো। বর্তমানে প্রতিদিন পাঁচটির বেশি জাহাজ চলাচল করতে পারছে না। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৬টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার