Tuesday, October 27, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য দেশীয় আসবাবের বৈচিত্র্য নিয়ে আইসিসিবিতে ফার্নিচার মেলা, ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ...

দেশীয় আসবাবের বৈচিত্র্য নিয়ে আইসিসিবিতে ফার্নিচার মেলা, ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

দেশে তৈরি আসবাবের বৈচিত্র্য, আধুনিক নকশা ও নতুন পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৬। মেলায় ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আইসিসিবির হল-৪ এ মেলার উদ্বোধনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশের ৪৪টি প্রতিষ্ঠানের ৩২৩টি স্টলে দেশীয়ভাবে উৎপাদিত আসবাব প্রদর্শন করা হচ্ছে।

অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়াত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি। মেলার উদ্বোধনী দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের ফার্নিচারশিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। পণ্যের মান ও নকশার উন্নয়নে গুরুত্ব দিয়ে নতুন রপ্তানি বাজারে প্রবেশ করতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।

বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় ফার্নিচারশিল্পকে এগিয়ে নিতে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন এবং দক্ষ জনবল নিশ্চিত করা প্রয়োজন। কাঁচামালের সহজলভ্যতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণেও উদ্যোক্তাদের সহায়তা দরকার।

মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের সহসভাপতি আলহাজ শেখ আব্দুল আউয়াল বলেন, এ মেলা দেশীয় নির্মাতাদের সর্বশেষ নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। একই জায়গায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একত্র করার ফলে ক্রেতারা বিভিন্ন নকশা ও পণ্যের তুলনা করে নিজেদের চাহিদা অনুযায়ী আসবাব বেছে নিতে পারবেন।

আয়োজকেরা জানান, মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪ এ প্রদর্শনী দেখতে পারবেন। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না।

পূর্ববর্তী নিবন্ধঢাকাসহ ৪০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ১০৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধঢাকায় পর্যটন মেলার পর্দা উঠছে বৃহস্পতিবার