Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর (Bangla QR)’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।

সারাদেশে প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, শামলী, মিরপুর ও পল্লবী এলাকায় লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও কর্মসূচিতে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং ধানমন্ডি কর্পোরেট, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরী, ঢাকা লেডিস, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, মিরপুর ও পল্লবী শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।

রূপালী ব্যাংক ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধডিএসইর বাজার মূলধন কমলো সাড়ে ৯ হাজার কোটি টাকা