Thursday, October 1, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বাংলাদেশে ৫০০ মিলিয়ন ডলারের বেশি সরাসরি বিনিয়োগ আনার সম্ভাবনা

বাংলাদেশে ৫০০ মিলিয়ন ডলারের বেশি সরাসরি বিনিয়োগ আনার সম্ভাবনা

সিলিকন ভ্যালিভিত্তিক বৈশ্বিক উদ্ভাবন প্ল্যাটফর্ম প্লাগ অ্যান্ড প্লে’র মাধ্যমে বাংলাদেশে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আনার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব, স্টার্টআপ উন্নয়ন ও উদ্ভাবন সহযোগিতারও সুযোগ সৃষ্টি হয়েছে।

২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্লাগ অ্যান্ড প্লে’র সদর দপ্তরে প্রতিষ্ঠানটির নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, স্টার্টআপ ও উদ্ভাবন পরিবেশ শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি দক্ষ জনশক্তি তৈরি এবং বাংলাদেশকে বৈশ্বিক করপোরেশন ও বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ সরকার ও প্লাগ অ্যান্ড প্লে’র প্রতিনিধিরা সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা দলিলে সই করেন। এর আওতায় বাংলাদেশে এক বা একাধিক এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

বৈঠকের পর প্লাগ অ্যান্ড প্লে একটি কৌশলগত অংশীদারত্বের প্রস্তাব দেয়। এতে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক করপোরেশন, বিনিয়োগকারী, স্টার্টআপ ও উদ্ভাবন অংশীদারদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলাদেশে ৫০০ মিলিয়ন ডলারের বেশি এফডিআই আনার সম্ভাব্য পথ তুলে ধরা হয়।

প্রস্তাবে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর জনশক্তি, বিশ্ববিদ্যালয়, হাই-টেক পার্ক, শিল্প সক্ষমতা এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারকে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বাংলাদেশ টেক সেন্টার এবং একটি এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা। এর মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি দক্ষ জনশক্তিকে বৈশ্বিক করপোরেশন এবং বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ কমাতে নেওয়া হচ্ছে ১৮ মাসের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধঅক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম